থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। দুর্ঘটনায় বুকে ও হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি।
তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, বর্তমানে সুস্থ আছেন।
গত মঙ্গলবার রাত ৮টা ১৮ মিনিটে দেওয়া স্ট্যাটাসে খায়রুল বাসার লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো। খুব বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া।’
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে যারা খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি উদ্বিগ্নদের উদ্দেশে বলেন, ‘আমি ঠিকঠাক আছি।’
এর আগে জানা যায়, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি। দুর্ঘটনায় তিনিও আহত হন।
দুর্ঘটনার পর শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করে। পরে তারা পাতায়ায় যান চিকিৎসার জন্য। খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তার বুকে ব্যথা হয়েছে এবং হাঁটুতে আঘাত পেয়েছেন। হাঁটতেও কষ্ট হচ্ছে। মেহেদী রনির শরীরের কিছু অংশ ছুলে গেছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার কারণে তাদের শুটিং বাতিল করতে হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানান খায়রুল বাসার।
একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিংয়ে অংশ নেন তিনি। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে।
তবে রাতে দেওয়া নিজের স্ট্যাটাসে খায়রুল বাসার জানিয়েছেন, সামনে কয়েক দিন ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার। সুস্থতার সঙ্গে সুন্দর ভ্রমণ শেষে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। লিখেছেন, কিছুদিন এপ্রান্তে ওপ্রান্তে ঘুরবো প্ল্যান করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সাথে একটা সুন্দর ভ্রমণ শেষে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।