ফরিদপুরের মধুখালী উপজেলার ১৮ নং গোন্দারদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসন, ওয়াশরুম সংস্কার, শিক্ষার্থীর অনুপাতে পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা, পুরোনো ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণসহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানান। এ সময় ইউএনও মো. মাসুদুর রহমান বিদ্যালয়ের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত হয়ে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী, সহ-সভাপতি মো. আবু বক্কার মোল্লা, সদস্য সচিব সুরাইয়া আক্তার, সদস্য মনিরুজ্জামান মামুন, মো. সোলাইমান মোল্লা, মো. রাকিবুল ইসলাম, মায়া, মো. জাহিদ হোসেন, সিমলা খাতুন শিলা, মো. তারেক মোল্লা, রুপালী বেগমসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা।
মতবিনিময় শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা বিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।