মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে মধুখালী মরিচ বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। দিনব্যাপী এ অভিযান মধুখালী রেলগেট ও ঢাকা-খুলনা মহাসড়কের পৌর এলাকার রাস্তার দুই পাশসহ বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে।
অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান পরিচালনা করছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। এ সময় উপস্থিত রয়েছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম, মধুখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বরকত আলী, হিসাবরক্ষক মো. রাজিব হাসান, লাইসেন্স পরিদর্শক হাবিবুল বাশার সুমন, কনজারভেন্সি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পৌর এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারি/পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।