1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

মধুখালীর সিংহনাথ বিল এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু

মেহেদী হোসেন পলাশ
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
18

“তুমি যাবে ভাই—যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়।”
কবির এই উক্তির মতোই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী সিংহনাথ বিল। বর্ষা এলেই যেন নতুন রূপে সেজে ওঠে বিলটি। আর সেই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসছেন দূর-দূরান্তের হাজারো দর্শনার্থী।
বিকেল হলেই বিলের পাড়ে বাড়তে থাকে মানুষের ভিড়। বিলের পানিতে ফুটে থাকা লাল ও সাদা শাপলা, নির্মল বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি মুগ্ধ করছে দর্শনার্থীদের।
কেউ আসছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনকে নিয়ে কাটাচ্ছেন একান্ত কিছু সময়।
বিলের পাড়ে সারি সারি বাঁধা রয়েছে ডিঙি নৌকা। দর্শনার্থীরা নৌকা ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারছেন বিলের বিস্তীর্ণ জলরাশি। বিকেলের মৃদু বাতাস আর সন্ধ্যার চাঁদের আলোয় সিংহনাথ বিলের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়।
শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, দর্শনার্থীদের জন্য বিলসংলগ্ন সড়কের পাশে গড়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান। চটপটি, ফুচকাসহ নানা মুখরোচক খাবারের দোকানে জমে উঠছে আড্ডা। সব মিলিয়ে বর্ষাকালে সিংহনাথ বিলের পাড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
বিশেষ করে শুক্রবার ও শনিবার দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তরুণ-তরুণী ও যুবকদের অনেকেই দলবেঁধে আসছেন, করছেন পিকনিক ও আনন্দ-আড্ডা।
দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের তত্ত্বাবধানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা পরিস্থিতি তদারকি করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছে মধুখালী থানা পুলিশ। এ বিষয়ে নজরদারি করছেন থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়।
তবে দর্শনার্থী ও স্থানীয়দের দাবি, বিলের পাড়ে বসার জন্য সরকারি উদ্যোগে পর্যাপ্ত ব্যবস্থা করা হলে এই পর্যটনকেন্দ্রটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বিশেষ করে শিশু, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ ব্যক্তিদের বিশ্রামের জন্য বসার স্থান তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
প্রকৃতির সৌন্দর্য, শাপলার মুগ্ধতা আর নৌভ্রমণের আনন্দ—সব মিলিয়ে মেগচামী সিংহনাথ বিল এখন মধুখালীর মানুষের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদের কাছেও হয়ে উঠেছে বিনোদনের অন্যতম পছন্দের স্থান।
পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পরিকল্পিত উন্নয়ন করা হলে ভবিষ্যতে সিংহনাথ বিল মধুখালীর অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের

Please Share This Post in Your Social Media

More News Of This Category