ফরিদপুরের মধুখালী পৌরসভার বাজারে সরকারি জমি দখলমুক্ত করে নতুন সড়ক ও ড্রেন নির্মাণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
অভিযানে সরকারি জমি দখলমুক্ত করে বাজারে নতুন একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের জন্য দখল হয়ে থাকা ড্রেন পুনরুদ্ধারের কার্যক্রমও শুরু করা হয়। এ সময় বেশ কয়েকটি ভবনের অবৈধ বারান্দা ও দেয়ালের অংশ অপসারণ করা হয় এবং সড়ক নির্মাণে প্রতিবন্ধক গাছপালা কেটে ফেলা হয়।
অভিযান চলাকালে তা বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের কাছে বিভিন্ন মহল থেকে অনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হয়। তবে তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী তার অর্পিত দায়িত্ব পালন করেন।
পৌরবাজার কমিটির অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধার এবং বাজারের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে দীর্ঘদিনের একটি অমীমাংসিত জটিলতার আংশিক সমাধান হয়েছে। তবে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে আরও কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, বাজারের জলাবদ্ধতা নিরসনের স্বার্থে দখল হয়ে থাকা হালট, ড্রেন ও সরকারি জমি আগামী এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ দখলমুক্ত করা হবে। ইতোমধ্যে দখলদারদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় বাজার কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।